জাতীয় গ্রিডের আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে জাতীয় গ্রিডের আধুনিক নিয়ন্ত্রণ কাঠামোর সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রটির দুটি ইউনিটের গুরুত্বপূর্ণ সঞ্চালন-সংক্রান্ত তথ্য জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন (এসসিএডিএ) ও এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমের (ইএমএস) সঙ্গে সমন্বিত করা হবে।
এ সংযোগ স্থাপনের ফলে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের গুরুত্বপূর্ণ তথ্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) এ বিষয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) ও জিই ভারনোভা-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।
চুক্তির আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ ও ইউনিট-২-এর বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট আটটি সঞ্চালন লাইনকে এনএলডিসির এসসিএডিএ/ইএমএসের সঙ্গে যুক্ত করা হবে। পাশাপাশি কেন্দ্রটির ৪০০ কেভি ও ২৩০ কেভি গ্যাস ইনসুলেটেড সুইচগিয়ার (জিআইএস) সাবস্টেশনের নির্ধারিত গুরুত্বপূর্ণ সিগন্যাল ও তথ্যও এই ব্যবস্থায় সংযুক্ত হবে।
এর ফলে রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল তথ্য সরাসরি এনএলডিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় পাওয়া যাবে।
বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থার কার্যক্রম পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে এসসিএডিএ ও ইএমএস গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হয়। এসব ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র, সঞ্চালন লাইন ও গ্রিডের বিভিন্ন অংশের তথ্য নিয়ন্ত্রণকেন্দ্রে সংগ্রহ ও বিশ্লেষণ করা যায়। রূপপুরকে এই কাঠামোর সঙ্গে যুক্ত করা হলে কেন্দ্রটির সঞ্চালন ব্যবস্থার প্রয়োজনীয় তথ্য জাতীয় গ্রিড পরিচালনার সঙ্গে সমন্বিতভাবে ব্যবহারের সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে নির্ভরযোগ্যভাবে সঞ্চালনের জন্য এই প্রযুক্তিগত ইন্টিগ্রেশন গুরুত্বপূর্ণ। কেন্দ্রটির কমিশনিং এবং পরবর্তী নিয়মিত পরিচালনার ক্ষেত্রেও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত নিয়ন্ত্রণ ও তথ্য আদান-প্রদানের ব্যবস্থা প্রয়োজন।
বিশেষ করে রূপপুরের দুটি ইউনিট থেকে উৎপাদিত বিপুল পরিমাণ বিদ্যুৎ জাতীয় সঞ্চালন ব্যবস্থায় যুক্ত হওয়ার পর সংশ্লিষ্ট সঞ্চালন লাইন ও সাবস্টেশনের অবস্থা সম্পর্কে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় তাৎক্ষণিক তথ্য পাওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রকে এনএলডিসির এসসিএডিএ/ইএমএস ব্যবস্থার সঙ্গে যুক্ত করার কারিগরি কাজে জিই ভারনোভা যুক্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোকেও জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে সমন্বিত করা হচ্ছে।
এদিকে রূপপুরের ইউনিট-১-এ ফুয়েল লোডিংয়ের পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কার্যক্রম এগিয়ে চলছে। কেন্দ্রটির কমিশনিং ও পরবর্তী অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জাতীয় গ্রিডের সঙ্গে প্রয়োজনীয় কারিগরি সমন্বয়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ কারণে এসসিএডিএ/ইএমএস ইন্টিগ্রেশন দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
রূপপুরের ইউনিট-১ ও ইউনিট-২ জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় কেন্দ্রটির গুরুত্ব আরও বাড়বে। উৎপাদনকেন্দ্র, সঞ্চালন অবকাঠামো এবং জাতীয় গ্রিডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান ও সমন্বিত পর্যবেক্ষণ ব্যবস্থা বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সহায়ক হবে।