শিশুদের তথ্য সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ, টিকটকের ৪০ কোটি ডলারের সমঝোতা

শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) সঙ্গে ৪০ কোটি ডলারের সমঝোতায় পৌঁছেছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। ১৩ বছরের কম বয়সী শিশুদের তথ্য অভিভাবকের সম্মতি ছাড়া সংগ্রহ এবং তাদের অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে করা মামলাটি নিষ্পত্তিতে এই সমঝোতা হয়েছে।
চুক্তি অনুযায়ী, টিকটককে তাৎক্ষণিকভাবে ৩০ কোটি ডলার পরিশোধ করতে হবে। বাকি ১০ কোটি ডলার পরিশোধের বিষয়টি একটি নির্দিষ্ট আইনি শর্ত পূরণের সঙ্গে যুক্ত করা হয়েছে। ২০১৯ সালে টিকটকের পূর্বসূরি অ্যাপ মিউজিক্যাল.লির বিরুদ্ধে ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) করা পুরোনো সম্মতিপত্র আদালতের আদেশে বাতিল হলে এই অর্থ পরিশোধ করতে হবে।
শিশুদের তথ্য সংগ্রহের অভিযোগ
২০২৪ সালের আগস্টে করা মামলায় ডিওজে অভিযোগ করে, টিকটক ১৩ বছরের কম বয়সী শিশুদের প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দিয়েছে। তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে অভিভাবকদের প্রয়োজনীয় সম্মতি নেওয়া হয়নি।
অভিযোগে আরও বলা হয়, অভিভাবকেরা শিশুদের অ্যাকাউন্ট মুছে দেওয়ার অনুরোধ করলেও অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে কার্যকর করা হয়নি। মার্কিন সরকারের দাবি, এসব কর্মকাণ্ড দেশটির শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন—চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (COPPA)—লঙ্ঘনের শামিল।
আগেও জরিমানার মুখে পড়েছিল প্রতিষ্ঠানটি
শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ নিয়ে টিকটকের বিরুদ্ধে অভিযোগ অবশ্য নতুন নয়। ২০১৯ সালে একই ধরনের অভিযোগে টিকটকের পূর্বসূরি মিউজিক্যাল.লিকে ৫৭ লাখ ডলার জরিমানা করেছিল এফটিসি।
সে সময় অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি জানত যে অল্পবয়সী শিশুরা তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করছে। এরপরও শিশুদের নাম, ই-মেইল ঠিকানা ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহের আগে প্রয়োজনীয় অভিভাবকীয় সম্মতি নেওয়া হয়নি।
বয়স যাচাইয়ে নতুন প্রযুক্তি
২০২৪ সালে মামলা হওয়ার পর যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে ডিওজে। প্রতিষ্ঠানটির মালিকানা, ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স কাঠামো এবং গোপনীয়তা-সংক্রান্ত কার্যক্রমেও পরিবর্তন আনা হয়েছে।
টিকটকের বর্তমান মার্কিন যৌথ উদ্যোগ আদালতকে জানিয়েছে, এখন অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীর জন্মতারিখ দেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের শনাক্ত করতে উন্নত বয়স যাচাই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
এ কাজে শত শত কর্মী নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, এসব ব্যবস্থার মাধ্যমে প্রতি বছর ১০ হাজারের বেশি অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট শনাক্ত করে মুছে ফেলা হচ্ছে।
দায় স্বীকার ছাড়াই সমঝোতা
নতুন সমঝোতার আওতায় টিকটক বা বাইটড্যান্সকে অভিযোগের দায় স্বীকার করতে হয়নি। তবে চুক্তিতে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষায় আরও কঠোর বয়স যাচাই ব্যবস্থা চালু, শিশুদের জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত এবং অভিভাবকদের সন্তানদের অনলাইন কার্যক্রম ও ব্যক্তিগত তথ্যের ওপর আরও নিয়ন্ত্রণ দেওয়ার বিষয়গুলো রাখা হয়েছে।
এই সমঝোতার মাধ্যমে একদিকে টিকটকের বিরুদ্ধে চলমান আইনি বিরোধের নিষ্পত্তি হলো, অন্যদিকে যুক্তরাষ্ট্রে শিশুদের অনলাইন গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর ওপর বাড়তে থাকা নজরদারির বিষয়টিও সামনে এলো।