উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে ভুয়া নিয়োগপত্র জারি করেছে একটি প্রতারক চক্র। ওই নিয়োগপত্রে মো. রেদুয়ান আহম্মেদ নামের এক ব্যক্তিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে চাকরিপ্রার্থীদের সতর্ক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, গত ১০ আগস্ট তারিখে জারি করা কথিত ওই অফিস আদেশে বলা হয়েছে, জনবল সংকট মোকাবিলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদের বিপরীতে সরকারি বিধি অনুসরণ করে রাজস্ব খাতে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণ এবং ১১ আগস্ট ২০২৬ থেকে নিয়োগ কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ জারি করা হয়নি বলে নিশ্চিত করেছেন উপসচিব শরিফুল ইসলাম।
মন্ত্রণালয় জানিয়েছে, সংবাদমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নির্ধারিত প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষা ছাড়া সরাসরি কোনো পদে জনবল নিয়োগের সুযোগ নেই। তাই চাকরির প্রলোভনে পড়ে কোনো ব্যক্তি বা প্রতারক চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য চাকরিপ্রার্থীদের সতর্ক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিতভাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে অনলাইনে আবেদন গ্রহণ করা হয় এবং বিভিন্ন ধাপের তথ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস ও মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, চাকরিপ্রার্থীদের সরলতা ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগপত্র তৈরি করে প্রতারণার চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে চাকরি-সংক্রান্ত তথ্যের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।