বাংলাদেশ-কানাডার প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে গুরুত্ব পাচ্ছে সামরিক প্রযুক্তি ও প্রশিক্ষণ

বাংলাদেশ ও কানাডার মধ্যকার প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কানাডার সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেছেন দুই দেশের প্রতিনিধিরা।
সোমবার (১৭ আগস্ট) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকের শুরুতে দুই পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও কানাডার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করা হয়।
আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কানাডার সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো গুরুত্ব পায়। বিশেষ করে সামরিক প্রযুক্তি বিনিময় এবং কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তারা।
এ ছাড়া দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা জোরদারের বিষয়েও ইতিবাচক মতবিনিময় হয়।
বৈঠকে বাংলাদেশ-কানাডার বিদ্যমান প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। পারস্পরিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় উদ্যোগের মাধ্যমে আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন তারা।