মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ছয় মাসে প্রতিটি খাতে জবাবদিহি প্রতিষ্ঠাই সরকারের বড় অর্জন: রিজভী

ছয় মাসে প্রতিটি খাতে জবাবদিহি প্রতিষ্ঠাই সরকারের বড় অর্জন: রিজভী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমদ বলেছেন, ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে দায়িত্ব নেওয়ার পরও গত ছয় মাসে সরকার বিভিন্ন খাতে জবাবদিহি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এটিই সরকারের সবচেয়ে বড় সাফল্য বলে মনে করেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপি যখন সরকারের দায়িত্ব নেয়, তখন দেশের পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। চারদিকে নৈরাজ্য ও অস্থিরতা বিরাজ করছিল। চেয়ারম্যান, মেয়র এমনকি সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের গুম-খুনের শিকার হওয়া যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল। এমন পরিস্থিতির মধ্য দিয়েই ৫ আগস্টের পরিবর্তন এসেছে।

তিনি বলেন, রাতারাতি একটি দেশের সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে সরকার প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এটিকে সরকারের অন্যতম বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় অর্থনৈতিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংকের সাড়ে ৮ হাজার কোটি টাকা ফিলিপাইনে পাচার করা হয়েছিল। এছাড়া সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংক থেকেও বিপুল অর্থ লুটপাট হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এমন নৈরাজ্যকর পরিস্থিতি অতিক্রম করেই প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি নেওয়া হয়েছে।

রিজভীর দাবি, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার কাজ শুরু করেছে এবং এর সুফল ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, জাহিদুল ইসলাম রনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন