ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ব্রিকস সম্মেলন হতে এখনো সময় আছে, এর মধ্যে পরিস্থিতির অনেক পরিবর্তন হতে পারে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘ব্রিকস তো অনেক দেরি। এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে।’ বর্তমানে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ও সাংবিধানিক কার্যক্রম নিয়ে সরকার ব্যস্ত রয়েছে বলেও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সামনে রাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদের অধিবেশন রয়েছে। এসব বিষয়কে কেন্দ্র করে সরকারের বিভিন্ন কার্যক্রম চলমান। এ কারণে প্রধানমন্ত্রীও ব্যস্ত সময় পার করছেন। তবে সবকিছু অনুকূলে থাকলে ভারত, জাপানসহ বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক। তবে সফরের বিষয়টি প্রধানমন্ত্রীর সময়সূচি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে।
প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে শামা ওবায়েদ বলেন, এখনো কোনো সফর চূড়ান্ত হয়নি। ভারতসহ অন্যান্য দেশের সফর নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। আলোচনার ভিত্তিতেই পরবর্তী সময়ে সফরের তারিখ ও কর্মসূচি চূড়ান্ত করা হবে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা হলে বিভিন্ন দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়। এই সুযোগ কাজে লাগানোর প্রয়োজন রয়েছে এবং ভারতও বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে আশা করে বাংলাদেশ।
তিনি আরও বলেন, ‘একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলেন, সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না, নেয় না।’ জুলাইয়ের ঘটনাগুলো এখনো মানুষের মনে গভীরভাবে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সংবেদনশীল হতে হবে।
শামা ওবায়েদ বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী যখন বৈঠকে বসেন, তখন অনেক জটিল বিষয় নিয়েই আলোচনা ও সমাধানের পথ বের করা সম্ভব। তাই ভবিষ্যতে এমন বৈঠক হলে দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যা সমাধানের সুযোগ তৈরি হবে বলে বাংলাদেশ আশা করে।
সবশেষে তিনি আবারও স্পষ্ট করেন, ব্রিকস সম্মেলন, ভারত সফর কিংবা অন্য কোনো বিদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সময়সূচি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেই এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।