বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল

    স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভরতা বাড়াতে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

    উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা মহানগরীর অন্যতম বড় সমস্যা যানজট। প্রতিদিন যানজটের কারণে নগরবাসীর বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এ সমস্যা কমিয়ে যানবাহন চলাচলে শৃঙ্খলা ও গতি ফেরাতে প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

    প্রাথমিকভাবে ডিএসসিসির আওতাধীন গুরুত্বপূর্ণ ২০টি ইন্টারসেকশনে আধুনিক এই সিগন্যাল ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে আটটি মোড়ে সিগন্যাল স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

    এই আটটি ইন্টারসেকশন হলো—বাংলামটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মৎস্য ভবন, কদম চত্বর, শিক্ষা ভবন ও শাহবাগ মোড়। এর মধ্যে শাহবাগ মোড়েই বৃহস্পতিবার থেকে সিগন্যাল ব্যবস্থাটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

    ডিএসসিসি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় এই স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

    বাড়ছে স্বয়ংক্রিয় সিগন্যালের আওতা

    ডিএসসিসি প্রশাসক জানান, প্রাথমিক পর্যায়ের কার্যক্রম সফল হলে রাজধানীর আরও গুরুত্বপূর্ণ মোড়ে এই প্রযুক্তি চালু করা হবে। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীর আরও ৫০টি ইন্টারসেকশনে আধুনিক সিগন্যাল ব্যবস্থা চালুর লক্ষ্য রয়েছে। এর মধ্যে খুব শিগগির ডিএসসিসির আওতাধীন আরও ২২টি ইন্টারসেকশনে এটি চালু করার পরিকল্পনা রয়েছে।

    তিনি বলেন, স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে প্রতিটি মোড়ে আগের মতো ট্রাফিক পুলিশকে সার্বক্ষণিক দাঁড়িয়ে হাতের সংকেত দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে না। এতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও গতিশীল হবে।

    মানতে হবে ট্রাফিক আইন

    নতুন প্রযুক্তির সুফল নিশ্চিত করতে চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ডিএসসিসি প্রশাসক বলেন, অবৈধ পার্কিং ও রাস্তায় যত্রতত্র গাড়ি রাখার প্রবণতা বন্ধ করতে হবে। একই সঙ্গে সিগন্যাল অমান্য করার অভ্যাসও পরিহার করতে হবে।

    চালকদের ট্রাফিক সাইন, রোড মার্কিং, জেব্রা ক্রসিং এবং নির্ধারিত লেন অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ইন্টারসেকশনের আশপাশে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা ভাসমান দোকান না রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

    কর্মঘণ্টা বাঁচানোর প্রত্যাশা

    ডিএসসিসি প্রশাসক আশা প্রকাশ করেন, আধুনিক এই ট্রাফিক ব্যবস্থার সফল বাস্তবায়ন হলে নগরবাসীর মূল্যবান কর্মঘণ্টা সাশ্রয় হবে। একই সঙ্গে দীর্ঘ সময় রোদ-বৃষ্টিতে সড়কে দাঁড়িয়ে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের ওপরও চাপ কমবে।

    তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থার সুফল পেতে হলে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হবে।

    ঢাকাকে আরও আধুনিক ও স্মার্ট নগরীতে পরিণত করতে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

    অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন