সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহত বাংলাদেশিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী বিষয়টি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ মিশনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ মিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মরদেহ শনাক্তকরণ থেকে শুরু করে দেশে ফেরত আনার পুরো প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে।
এর আগে রোববার রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১৬ বাংলাদেশি নাগরিক প্রাণ হারান। মর্মান্তিক এ ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ মিশন।
নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী এই কঠিন সময়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।