আধুনিক জীবনে একাকিত্ব নয়, নির্জনতাই এখন নতুন অভ্যাস

ব্যস্ত জীবন, চারপাশের কোলাহল আর সারাক্ষণ স্ক্রিন ও বিজ্ঞাপনের ভিড়ে অনেক সময় মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন মানুষ। সেই ক্লান্তি থেকে সাময়িক স্বস্তি পেতে কেউ কাজ শেষে এক কাপ চা হাতে মোমবাতির আলোয় নিজের সঙ্গে সময় কাটান, কেউ একাই সিনেমা দেখতে যান, আবার কেউ বই পড়া কিংবা একা কোথাও ঘুরতে যাওয়াকে বেছে নেন।
একসময় একা থাকাকে বিষণ্নতা বা সামাজিক বিচ্ছিন্নতার সঙ্গে দেখা হলেও সেই ধারণায় পরিবর্তন এসেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নিজের সঙ্গে একান্ত সময় কাটানো এখন অনেকটাই সচেতন জীবনযাপনের অংশ হয়ে উঠছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই জীবনধারার বিভিন্ন মুহূর্তও শেয়ার করছেন অনেকে।
এই প্রবণতাকে বলা হচ্ছে ‘সলিটিউড’ বা নির্জনতা। জেন-জি প্রজন্ম এবং ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের হাত ধরে বিশ্বজুড়ে নির্জনতা এখন এক ধরনের আকাঙ্ক্ষিত জীবনশৈলী হিসেবে জনপ্রিয় হচ্ছে। টরন্টোর সফটওয়্যার সেলস ম্যানেজার লানা ইসা কিংবা ডেভন নোইরিংয়ের মতো কনটেন্ট নির্মাতারা একা থাকার নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে বিপুলসংখ্যক দর্শকের আগ্রহ তৈরি করেছেন।
একাকিত্ব আর নির্জনতা এক নয়
অনেকেই ‘একাকিত্ব’ ও ‘নির্জনতা’কে একই বিষয় মনে করেন। তবে মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের মতে, দুটির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।
একাকিত্ব সাধারণত অনিচ্ছাকৃত একটি অনুভূতি। সামাজিক যোগাযোগের অভাব, বিচ্ছিন্নতা কিংবা কোনো পরিস্থিতির কারণে মানুষ যখন নিজেকে একা মনে করেন, তখন একাকিত্ব তৈরি হতে পারে। এটি দীর্ঘস্থায়ী হলে মানসিক চাপ, বিষণ্নতা কিংবা সামাজিক বিচ্ছিন্নতার অনুভূতি বাড়তে পারে।
অন্যদিকে নির্জনতা হলো সচেতন সিদ্ধান্ত। নিজের ইচ্ছায় কিছু সময়ের জন্য সামাজিক কোলাহল থেকে দূরে সরে গিয়ে নিজের সঙ্গে সময় কাটানোই নির্জনতা। এ সময় মানুষ নিজের চিন্তা, অনুভূতি ও প্রয়োজনগুলো নিয়ে ভাবার সুযোগ পান।
কবি রুপি কাউরের একটি বহুল উদ্ধৃত বক্তব্যেও বিষয়টি উঠে এসেছে—একাকিত্ব মনে করিয়ে দেয়, কখনো কখনো নিজের কাছেই নিজের সবচেয়ে বেশি প্রয়োজন হয়।
কেন প্রয়োজন নির্জনতা?
নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো শুধু আধুনিক জীবনধারার একটি প্রবণতা নয়; এটি মানসিক সুস্থতার জন্যও ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
মানসিক স্বচ্ছতা বাড়ায়
প্রতিদিনের ব্যস্ততা, কাজের চাপ এবং অন্যের মতামতের ভিড়ে অনেক সময় নিজের ইচ্ছা ও অনুভূতিকে গুরুত্ব দেওয়া কঠিন হয়ে পড়ে। নির্জনে কিছুটা সময় কাটালে চিন্তাভাবনা গুছিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য ও জীবনের অগ্রাধিকার নিয়েও স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব।
মানসিক শক্তি পুনরুদ্ধারে সহায়ক
সব সময় সামাজিকতা বজায় রাখা কিংবা অন্যদের প্রত্যাশা অনুযায়ী নিজেকে উপস্থাপন করা মানসিকভাবে ক্লান্তিকর হতে পারে। কিছুটা একান্ত সময় সেই চাপ থেকে বিরতি নেওয়ার সুযোগ দেয়। ফলে মানুষ নতুন উদ্যমে দৈনন্দিন কাজে ফিরতে পারেন।
কঠিন আবেগ সামলানোর সুযোগ
শোক, ভয়, হতাশা কিংবা লজ্জার মতো অনুভূতিগুলো অনেক সময় মানুষের ভেতরে জমে থাকে। নিরাপদ ও শান্ত পরিবেশে নিজের সঙ্গে সময় কাটালে এসব অনুভূতি নিয়ে ভাবা এবং সেগুলোকে গ্রহণ করার সুযোগ তৈরি হয়।
সৃজনশীলতা বাড়াতে পারেনির্জন পরিবেশ অনেকের চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে উজ্জীবিত করে। সাহিত্য, শিল্প ও সৃষ্টিশীলতার ইতিহাসেও নির্জনতার গুরুত্বপূর্ণ ভূমিকার উদাহরণ রয়েছে। অনেক শিল্পী ও লেখক একান্ত সময়কে সৃষ্টিশীল কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছেন।
আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বাড়ায়
নিজের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করতে শেখা আত্মবিশ্বাস বাড়াতে পারে। একা থাকার ভয় কমে গেলে শুধু সামাজিক চাপের কারণে কোনো সম্পর্ক বা পরিস্থিতিতে আটকে থাকার প্রবণতাও কমতে পারে। নিজের প্রয়োজন ও সীমারেখা সম্পর্কে সচেতন হওয়া সহজ হয়।
নির্জনতা হোক, বিচ্ছিন্নতা নয়
তবে একা থাকার এই প্রবণতাকে অতিরিক্ত পর্যায়ে নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। মানুষ মূলত সামাজিক জীব। তাই দীর্ঘ সময় ধরে পরিবার, বন্ধু কিংবা সমাজ থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
সিডনি বিশ্ববিদ্যালয়ের মহামারি-সংক্রান্ত গবেষক মেলোডি ডিংও মানুষের সামাজিক যোগাযোগের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তার মতে, নির্জনতা হতে পারে সাময়িক বিরতি; তবে এটি যেন দীর্ঘস্থায়ী সামাজিক বিচ্ছিন্নতায় পরিণত না হয়।
অর্থাৎ, সুস্থ জীবনযাপনের জন্য যেমন অন্যদের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ প্রয়োজন, তেমনি নিজের জন্যও কিছুটা সময় রাখা জরুরি। একা থাকা যদি নিজের মনকে গুছিয়ে নিতে, বিশ্রাম নিতে কিংবা নতুনভাবে শক্তি সঞ্চয় করতে সাহায্য করে, তাহলে সেই নির্জনতা হতে পারে ইতিবাচক অভিজ্ঞতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদর্শিত তথাকথিত ‘পারফেক্ট লাইফ’-এর ভিড়ে নিজের জন্য কিছুটা সময় বের করে নেওয়ার এই প্রবণতা তাই অনেকের কাছে স্বস্তির নতুন পথ হয়ে উঠছে। অন্যদের সঙ্গে সংযুক্ত থাকার পাশাপাশি নিজের ভেতরের জগতের সঙ্গেও সংযোগ তৈরি করাই হতে পারে ভারসাম্যপূর্ণ ও সুন্দর জীবনযাপনের অন্যতম চাবিকাঠি।