জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সরকারের কর্মসূচি, উদ্বোধন হচ্ছে স্মৃতি জাদুঘর

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে জাতীয় পর্যায়ে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দিবসটি ঘিরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, দিবসের শুরুতে দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একইসঙ্গে সংবাদপত্রে বিশেষ নিবন্ধ, সাহিত্য, সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন। পরে বেলা ১১টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সরকারি তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের সব জেলা ও সিটি করপোরেশনে জুলাই আন্দোলনের দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলোতে দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা ও আলোচনা সম্প্রচার করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার পাশাপাশি রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোও দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও স্মরণমূলক কর্মসূচি পালন করবে।
এ ছাড়া দেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। রাজধানীসহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়ক, সড়কদ্বীপ ও জুলাই স্মৃতিস্তম্ভ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সজ্জিত করা হবে। দিবসটি উপলক্ষে স্মারক ডাকটিকিটও প্রকাশ করবে সরকার।
এদিন সরকারি ও বেসরকারি স্বায়ত্তশাসিত জাদুঘরগুলো জনসাধারণের জন্য বিনা টিকিটে উন্মুক্ত থাকবে। পাশাপাশি শিশুদের জন্য সরকারি-বেসরকারি বিনোদনকেন্দ্রেও বিশেষ ব্যবস্থা রাখা হবে। এছাড়া সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে-কেয়ার ও ভবঘুরে আশ্রয়কেন্দ্রে প্রীতিভোজের আয়োজন করা হবে।