আগামীকাল উদ্বোধন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে বুধবার (৫ আগস্ট)। সকালেই জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনের যোদ্ধারা তাদের স্মৃতিচারণ করবেন। অনুষ্ঠানে আন্দোলনের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস তুলে ধরা একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনও থাকবে।
জাদুঘর নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে সংস্কৃতি মন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের পরদিন ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ফলে দর্শনার্থীরা ওই দিন থেকেই জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।