অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আইনি ও কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছে সরকার। একই সঙ্গে তার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইউএইর একটি আদালত বেনজীর আহমেদকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্তে জামিন দিয়েছেন। বিষয়টি জানার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশটিতে নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে (ল' ফার্ম) জামিন বাতিলের আবেদন করতে এবং আদালতে প্রয়োজনীয় আবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ইউএইতে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। আদালতের আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহ করে জামিনের শর্তগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি ও কূটনৈতিক—উভয় পথেই কাজ করছে।
তবে তার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সরকারের সন্দেহ রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মেট্রোরেল ও আশুলিয়ায় বোমা সদৃশ বস্তু উদ্ধার
সাম্প্রতিক রথযাত্রাকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, মতিঝিলে মেট্রোরেলের একটি পিলারের নিচে এবং পরে আশুলিয়ায় বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত সেগুলো নিষ্ক্রিয় করেছে।
তার ভাষ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে কোনো পক্ষ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, এ বিষয়ে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ টিম পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নজরদারি
আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বড় ধরনের কর্মসূচি পালনের সক্ষমতা নেই বলে সরকারের ধারণা।
তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সম্ভাব্য উগ্রবাদী তৎপরতার ওপরও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।