মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই অভ্যুত্থানের সেই দিন: শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা, গণভবনে জরুরি বৈঠক স্ত্রী আফরার আত্মহত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন জাহের আলভী দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণ গেল ১৪ জনের বিরোধী দল ছাড়াই সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেজা বৈঠক, বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা ডিজিটাল লেনদেন বাড়ছে, তবু রেকর্ড পরিমাণ নগদ অর্থ ব্যাংকের বাইরে মির্জা আব্বাস কবে ফিরবেন? বিএনপির সর্বশেষ আপডেট বাইক ও গাড়িচালকদের জন্য বিআরটিএর নতুন সতর্কবার্তা দ্য হান্ড্রেডে রশিদ খানের ঘূর্ণিতে নতুন ইতিহাস গ্যাসের দাম বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করেছে সরকার: মিয়া গোলাম পরওয়ার
  • রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হতে হবে জাতীয় সংসদ: তথ্যমন্ত্রী

    রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হতে হবে জাতীয় সংসদ: তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদকে রাজনৈতিক বিতর্ক, মতবিনিময় এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের প্রধান মঞ্চ হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, রাজনীতিকে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা এখনো দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক নয়।

    সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন তখনই সম্ভব হবে, যখন জাতীয় সংসদ একটি কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হবে। রাজনৈতিক বিতর্ক, নীতিনির্ধারণ এবং রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত সংসদ।

    তিনি আরও বলেন, জুলাই সনদের সঙ্গে শহীদদের আত্মত্যাগের গভীর সম্পর্ক রয়েছে এবং সরকার ওই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

    জহির উদ্দিন স্বপন বলেন, বিশ্বের অনেক দেশ অল্প কয়েক দশকের মধ্যেই উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রগতিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। অথচ বাংলাদেশে এখনো ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য মানুষকে জীবন দিতে হচ্ছে, যা জাতির জন্য আত্মসমালোচনার বিষয়।

    তিনি বলেন, জনগণের রায়ের ভিত্তিতে গঠিত সংসদকে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদীয় ব্যবস্থা আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে হবে।

    সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে সংসদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমও রাজনৈতিক সংঘাতের একটি বড় ক্ষেত্র হয়ে উঠেছে। সেখানে দায়িত্বশীল আচরণের পরিবর্তে বিভাজন ও অস্থিরতা তৈরির প্রবণতা উদ্বেগের বিষয়।

    তিনি বলেন, আদর্শের নামে যদি বিভ্রান্তি বা সংঘাত ছড়ানোর চেষ্টা করা হয়, তবে তা রাষ্ট্র ও গণতন্ত্রের জন্য অশনিসংকেত। সুশাসন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় দায়িত্ব পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

    আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশিদ আলম উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন