বাংলাদেশ-চীন বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, করিডোর ও বিনিয়োগে গুরুত্ব

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন করিডোর, বিনিয়োগ, জ্বালানি এবং অর্থনৈতিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই পররাষ্ট্রমন্ত্রী ‘চায়না–বাংলাদেশ কমিউনিটি উইথ অ্যা শেয়ার্ড ফিউচার’ গঠনের লক্ষ্যে দুই দেশের সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
বৈঠকে বিশেষভাবে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন, পরিবহন করিডোর উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয় গুরুত্ব পায়।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।