সদস্য দেশগুলোর জন্য ভিসা সহজ করতে কাজ করছে বিমসটেক

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সদস্য দেশগুলোর মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে একটি বিশেষ স্কিম নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব ইন্দ্র মণি পান্ডে।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকায় বিমসটেক সচিবালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
মহাসচিব বলেন, সদস্য রাষ্ট্রগুলো বর্তমানে একটি ভিসা সহজীকরণ স্কিম চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করছে। তবে স্কিমে কী কী সুবিধা থাকবে, সে বিষয়ে এখনো কোনো ঐকমত্য হয়নি। এ কারণে বিস্তারিত জানানো এখনই সম্ভব নয়।
তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, ব্যবসায়িক সফর ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। গত বছর ভিসা বিষয়ক বিশেষজ্ঞদের বৈঠকে এ ধরনের একটি কাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ইন্দ্র মণি পান্ডে জানান, সব সদস্য রাষ্ট্রের সম্মতির ভিত্তিতেই চূড়ান্ত স্কিম ঘোষণা করা হবে।
আঞ্চলিক বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। যদিও এ ধরনের আলোচনা স্বাভাবিকভাবেই সময়সাপেক্ষ, তবুও আগামী মাস ও বছরগুলোতে এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সার্ক ও বিমসটেকের পার্থক্য নিয়ে এক প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেকের লক্ষ্য ছিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, কারিগরি এবং বহুমুখী আঞ্চলিক সহযোগিতা জোরদার করা। কৃষি, বাণিজ্য, সংযোগ, জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে সদস্য দেশগুলোর উন্নয়নই এ জোটের মূল উদ্দেশ্য।