মন্ত্রিসভায় বড় পরিবর্তনের সম্ভাবনা? যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রয়োজন মনে করলে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
তবে সরকারের ১৮০ দিন পূর্তির পরপরই মন্ত্রিসভায় রদবদল হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা থেকে তিনি যতটুকু বুঝেছেন, যদি কখনো মনে হয় কোনো মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রত্যাশিতভাবে কাজ করতে পারছেন না, তাহলে প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের কল্যাণ। জনগণের স্বার্থে কোনো সিদ্ধান্ত আরও কার্যকর করার সুযোগ থাকলে প্রধানমন্ত্রী সেটি করবেন।
তথ্য উপদেষ্টা বলেন, তবে সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরপরই মন্ত্রিসভায় পরিবর্তন আসবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন ২৪ জন পূর্ণমন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা।
প্রচলিত কার্যবিধি অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন বা পরিবর্তনের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে রয়েছে।
সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান আরও জানান, সাইবার বুলিং ও অপতথ্য (ডিসইনফরমেশন) প্রতিরোধে আইনি বিষয়গুলো দেখভালের জন্য একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে। এ বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ উপস্থিত ছিলেন।