বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ইরানকে ঘিরে ফের যুদ্ধংদেহী বার্তা ট্রাম্পের

ইরানকে ঘিরে ফের যুদ্ধংদেহী বার্তা ট্রাম্পের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার বিরুদ্ধে কোনো ধরনের হত্যাচেষ্টা হলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। এমন পরিস্থিতির জন্য আগেই সামরিক বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি বিশ্বের যেকোনো স্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যা বা হত্যার চেষ্টা করে, তাহলে তাদের লক্ষ্য করে প্রস্তুত রাখা এক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। প্রয়োজন হলে এর পর আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এমন প্রস্তুতি নিয়েছে যে প্রয়োজন হলে এক বছরের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া সম্ভব।

এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তার অনুপস্থিতিতেও কীভাবে ইরানের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে হবে, সে বিষয়ে সামরিক বাহিনীকে বিস্তারিত নির্দেশনা দিয়ে রেখেছেন।

তার ভাষায়, ‘যদি আমার সঙ্গে কিছু ঘটে, তাহলে এমন হামলা চালানো হবে, যা তারা আগে কখনও দেখেনি।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও চলতি সপ্তাহে ইরানে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক হামলার খবর প্রকাশিত হয়। এর জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করে তেহরান।

এদিকে হরমুজ প্রণালিতে তিনটি জ্বালানি ট্যাংকারে হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও তীব্র হয়েছে। ওয়াশিংটন এই ঘটনাকে সমঝোতা লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধে ইরানের কাছ থেকে নিশ্চয়তা দাবি করেছে।

অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্পের নিরাপত্তা নিয়ে সম্ভাব্য হুমকির বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। তবে এ বিষয়ে ট্রাম্প বলেন, ইসরায়েল নির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য দিতে পারেনি। তিনি মন্তব্য করেন, ‘আমি অনেক দিন ধরেই তাদের (ইরানের) লক্ষ্যবস্তু হিসেবে আছি।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন