শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ওসমান হাদী হত্যা নিয়ে নতুন অভিযোগ, প্রশাসনের নিরপেক্ষ তদন্ত চাইলেন রাশেদ খাঁন

ওসমান হাদী হত্যা নিয়ে নতুন অভিযোগ, প্রশাসনের নিরপেক্ষ তদন্ত চাইলেন রাশেদ খাঁন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী না হতে শহীদ ওসমান হাদীর ওপর একাধিকবার চাপ প্রয়োগ করা হয়েছিল বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের স্বার্থে ‘জুবায়ের’ নামে এক ব্যক্তির বিষয়ে প্রশাসনের অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন।

বুধবার (৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

রাশেদ খাঁন লিখেছেন, জামায়াতের আমিরের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়দানকারী এবং বুয়েট শিবিরের সাবেক সভাপতি হিসেবে পরিচিত ‘জুবায়ের’ নামের একজন ব্যক্তি ওসমান হাদীকে বারবার ঢাকা-৮ আসনে নির্বাচন না করার পরামর্শ দেন।

তার দাবি, ওই ব্যক্তি ওসমান হাদীকে জানান যে, ঢাকা-৮ আসনে সাদিক কাইয়ুম নির্বাচন করবেন, তাই তাকে অন্য কোনো আসন থেকে নির্বাচন করার অনুরোধ করা হয়। তবে ওসমান হাদী এ প্রস্তাব প্রত্যাখ্যান করে স্পষ্টভাবে জানান, ‘৫০০ ভোট পেলেও আমি ঢাকা-৮ আসন থেকেই নির্বাচন করব।’

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, ওসমান হাদী হত্যাকাণ্ডের পর বিতর্ক এড়াতে জামায়াত শেষ পর্যন্ত সাদিক কাইয়ুমকে ওই আসনে মনোনয়ন দেয়নি। তবে তিনি উল্লেখ করেন, এ তথ্য তার কাছে এসেছে, যা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

পোস্টে তিনি আরও লিখেছেন, তার পাওয়া তথ্য অনুযায়ী, জুবায়ের দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ফিরে আসেন। পরে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন এবং জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

রাশেদ খাঁন বলেন, তিনি ব্যক্তিগতভাবে কাউকে সন্দেহ করছেন না। তবে তদন্তের স্বার্থে প্রশাসনের উচিত জুবায়ের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা এবং তিনি বর্তমানে দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন, তা নিশ্চিত করা।

তিনি আরও লেখেন, ‘আমি তাকে সন্দেহের চোখে দেখছি না। কিন্তু সুষ্ঠু তদন্তের স্বার্থে জুবায়ের সম্পর্কে প্রশাসনের জানা প্রয়োজন। কে এই জুবায়ের, তার আদ্যোপান্ত বের হওয়া সময়ের দাবি।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন