দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “বিস্তৃত পরিসরে উদ্ভাবন” শীর্ষক এই প্ল্যানারি সেশন শুরু হয়।
সেশনের উদ্বোধনী বক্তব্য দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এতে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও শীর্ষ নেতারা অংশ নেন।
এদের মধ্যে ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ।
সেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের সুযোগ নিয়ে আলোচনা হয়।
পরে বিরতিতে বিশ্বনেতারা একটি যৌথ ফটোসেশনে অংশ নেন, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।