রাজধানীতে অভিযানে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (২২ জুন) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
তিনি জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অভিযানে মোট ২৬ জনকে আটক করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা থানা এলাকা থেকে ২ জন, ধানমন্ডি থেকে ১০ জন, বংশাল থেকে ১ জন, খিলক্ষেত থেকে ২ জন, কদমতলী থেকে ১ জন, মোহাম্মদপুর থেকে ৮ জন, মিরপুর থেকে ১ জন এবং তুরাগ থানা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিএমপির পক্ষ থেকে আরও বলা হয়েছে, রাজধানীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।