শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন মামুনুল হক

রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন মামুনুল হক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের বহুল আলোচিত ‘৫০১ নম্বর কক্ষ’ ঘটনার বিষয়ে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বিষয়টি নিয়ে সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি বিস্তারিত পোস্ট দেন।

পোস্টে তিনি দাবি করেন, ২০২১ সালের ৩ এপ্রিল তিনি তার স্ত্রী জান্নাত আরাকে নিয়ে ওই রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। তার ভাষ্য অনুযায়ী, সেদিন পুলিশসহ স্থানীয় রাজনৈতিক কর্মী ও গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি তৈরি করেন এবং পরে ঘটনাটি লাইভ সম্প্রচারের মাধ্যমে প্রকাশ পায়।

মামুনুল হক বলেন, ওই সময় তাকে ও তার স্ত্রীকে হেনস্তা করা হয় এবং নিরাপত্তাজনিত কারণে পরিস্থিতি সামাল দিতে তাকে বিভিন্ন পদক্ষেপ নিতে হয় বলে তিনি উল্লেখ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং পরিচয় যাচাইয়ের পর বিষয়টি স্পষ্ট হয় বলেও তিনি দাবি করেন।

তিনি আরও দাবি করেন, পরবর্তীতে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে থানায় নেওয়ার নির্দেশ দেন এবং পুরো পরিস্থিতি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি জানান, জান্নাত আরার সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক শরিয়তসম্মত ছিল এবং পরবর্তীতে পারস্পরিক আলোচনার মাধ্যমে তাদের সম্পর্কের বিভিন্ন দিক নির্ধারিত হয়। তিনি বলেন, একাধিক বিয়ের বিষয়টি সামাজিকভাবে জটিল হওয়ায় বিষয়টি প্রথমে গোপন রাখা হয়েছিল।

রিসোর্টে ভিন্ন পরিচয় ব্যবহারের বিষয়ে তিনি বলেন, পরিচয়পত্র সংক্রান্ত বাস্তবতার কারণে আলোচনার ভিত্তিতেই নির্দিষ্ট নাম ব্যবহার করা হয়েছিল।

তিনি অভিযোগ করেন, ঘটনাটির পর তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে এবং বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

পোস্টের শেষাংশে তিনি বলেন, পুরো ঘটনাকে তিনি তার বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণার অংশ হিসেবে দেখেন এবং বিষয়টি ভবিষ্যতে ইতিহাসে ভিন্নভাবে মূল্যায়িত হবে বলে তিনি বিশ্বাস করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন