ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে বিএনপি: ডা. শফিকুর রহমান

সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সরকার বিভিন্ন রাষ্ট্রীয় ও প্রশাসনিক প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি বলেন, জনগণ অনির্বাচিত প্রশাসন নয়, বরং ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দেখতে চায়।
শুক্রবার (২০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংক, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সরকারের প্রভাব বিস্তার করা হয়েছে। একইভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য ব্যক্তিদের পরিবর্তে দলীয় অনুগতদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের প্রশাসক পদেও দলীয় নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
জামায়াত আমির বলেন, বাংলাদেশের মানুষ কখনোই একদলীয় শাসনব্যবস্থা সমর্থন করে না। তিনি ইতিহাসের উদাহরণ টেনে বলেন, অতীতে একদলীয় শাসন প্রতিষ্ঠার উদ্যোগ দীর্ঘস্থায়ী হয়নি।
তিনি বলেন, “সিটি করপোরেশন ও জেলা পরিষদে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দেখতে চায় দেশের মানুষ। অনির্বাচিত প্রশাসক দিয়ে স্থানীয় সরকার পরিচালনা গণতন্ত্রের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।”
ডা. শফিকুর রহমান দাবি করেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হলেও জনগণের রায় পুরোপুরি প্রতিফলিত হয়নি।
তার অভিযোগ, ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া আরও স্বচ্ছ হলে ১১ দলীয় জোট ভালো ফল করতে পারত। তবে দীর্ঘ সময় পর একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন বলে উল্লেখ করেন।
গণতন্ত্রে জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রায় ৬৭ শতাংশ ভোটার নির্বাচনে অংশ নিয়েছেন এবং তাদের রায়ের যথাযথ মূল্যায়ন করা উচিত।
তিনি বলেন, “গণভোট ও গণরায়ের প্রতি শ্রদ্ধা না থাকলে গণতন্ত্র টিকে থাকতে পারে না। জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে।”
বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সরকারের কথাবার্তা ও কার্যক্রমের মধ্যে মিল পাওয়া যাচ্ছে না। বিভিন্ন দপ্তরে দলীয় লোক নিয়োগের মাধ্যমে প্রশাসনিক নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনের শেষ পর্বে আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের জন্য নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন ডা. শফিকুর রহমান।
এছাড়া নগরীর ২৭টি ওয়ার্ডে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।
কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।