বুধবার, ১০ জুন ২০২৬
Natun Kagoj

ওয়ার্ডে ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প চালুর ঘোষণা জামায়াতের

ওয়ার্ডে ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প চালুর ঘোষণা জামায়াতের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা উত্তর সিটির প্রতিটি ওয়ার্ড ও সংসদীয় আসনে পর্যায়ক্রমে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির দাবি, সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ আরও বিস্তৃত করা হবে।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প নতুন কোনো উদ্যোগ নয়। দীর্ঘদিন ধরেই সংগঠনটি নগরবাসীর জন্য বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। উত্তরার এই ক্যাম্পে ১৫টি সেবা বিভাগের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হবে বলেও জানান তিনি।

সেলিম উদ্দিন বলেন, সরকারি চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং বেসরকারি হাসপাতালে অতিরিক্ত ব্যয়ের কারণে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বাস্তবতায় চিকিৎসাসেবা সহজলভ্য করতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, তাদের সংগঠন অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড ব্যাংক, অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগীর বাসায় চিকিৎসক পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।

দেশের চিকিৎসা খাতে বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে মানুষকে বিনা চিকিৎসায় কষ্ট পেতে হবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে উন্নত বিশ্বের মতো আধুনিক ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ঢাকা মহানগর উত্তরের এই নেতা।

অনুষ্ঠান শেষে তিনি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও সেবামূলক কার্যক্রম পরিচালনায় নগরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এসময় চিকিৎসকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জিহাদ খান ও ডা. হাসান বান্নাসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক। আরও উপস্থিত ছিলেন জামায়াত উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানার আমীর মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণের আমীর আবু বকর সিদ্দিক, উত্তরখান পূর্বের আমীর ইসরাইল হোসেন, তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ ও ডা. শফিকুল ইসলাম জুয়েলসহ অন্যান্য নেতাকর্মীরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন