বুধবার, ১০ জুন ২০২৬
Natun Kagoj

‘মাদকাসক্ত কি না সন্দেহ’—বিরোধীদল নিয়ে আলালের বক্তব্য

‘মাদকাসক্ত কি না সন্দেহ’—বিরোধীদল নিয়ে আলালের বক্তব্য
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিরোধী রাজনৈতিক দলের কনিষ্ঠ নেতাদের আচরণ নিয়ে প্রশ্ন তুলে তাদের মাদকাসক্ত কি না—এমন সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে ‘মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত ওই অনুষ্ঠানে আলাল বলেন, মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য এবং বিএনপি সবসময় সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে চায়। তবে একটি রাজনৈতিক দলের কিছু কনিষ্ঠ নেতা যেভাবে ধারাবাহিকভাবে আক্রমণাত্মক আচরণ করছে, তা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না।

তিনি অভিযোগ করেন, রাজনীতিতে সক্রিয় না থেকেও প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে অশালীন ভাষায় সমালোচনা করা হচ্ছে। এ প্রসঙ্গে আলাল বলেন, যারা এ ধরনের নোংরা ভাষা ব্যবহার করছে, তাদের আচরণ ও শারীরিক ভঙ্গি দেখে সন্দেহ হয়—তারা মাদকাসক্ত কি না।

একই আলোচনায় তিনি দেশে মাদক চোরাচালান ও বিস্তারের পেছনে রাজনৈতিক প্রভাবকে দায়ী করেন। তার দাবি, শক্তিশালী রাজনৈতিক ছত্রছায়ার কারণে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধির জন্যও তিনি মাদককে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন