যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে জাতিসংঘ দূতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানেজের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২০ মে) মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে একটি মার্কিন ফেডারেল আদালত ওই নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে সমালোচনার কারণে আলবানেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করতে পারে।
ইতালির আইনজীবী ফ্রান্সেসকা আলবানেজ জাতিসংঘের ইসরায়েল-অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল বিষয়ক বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনকালে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইসরায়েলি ও মার্কিন নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছিলেন। পাশাপাশি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে কয়েকটি মার্কিন কোম্পানির সম্পৃক্ততার অভিযোগও তুলেছিলেন তিনি।
২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটনের দাবি ছিল, তিনি আইসিসিকে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তা, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উৎসাহিত করেছেন।
নিষেধাজ্ঞার ফলে আলবানেজের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও ব্যাংকিং লেনদেন সীমিত হয়ে যায়। পরবর্তীতে তার পরিবার বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়।
১৩ মে এক রায়ে মার্কিন জেলা আদালতের বিচারক রিচার্ড লিওন মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করলেও আলবানেজের মতপ্রকাশের স্বাধীনতা প্রথম সংশোধনীর সুরক্ষার আওতায় পড়ে। আদালত আরও জানায়, তার বক্তব্যের ভিত্তিতেই মূলত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।
আদালতের সিদ্ধান্তের পর মার্কিন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (OFAC) জানায়, আদালতের নির্দেশনা কার্যকর থাকায় আপাতত নিষেধাজ্ঞা স্থগিত থাকবে।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সূত্র: আল জাজিরা