বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন বিধিনিষেধ জারি করল ইরান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন বিধিনিষেধ জারি করল ইরান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নতুন তদারকি ও অনুমতি ব্যবস্থা চালু করেছে ইরান। বুধবার (২০ মে) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুনভাবে নির্ধারিত নজরদারি এলাকার সীমা প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানায়।

হরমুজ প্রণালি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নতুন তদারকি অঞ্চল কুহ মোবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ আল-ফুজাইরাহ এবং কেশম দ্বীপ থেকে উম্ম আল-কুয়াইন পর্যন্ত বিস্তৃত।

নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত যোগাযোগ ব্যবস্থার আওতায় থাকা সব জাহাজকে প্রণালি অতিক্রমের আগে পারস্য উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুমতি নিতে হবে।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর জন্য অতিরিক্ত শর্ত আরোপ করেছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এসব শর্তের মধ্যে রয়েছে একটি বিশেষ নথি জমা দেওয়া, যেখানে নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট জাহাজের যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নতুন অনুমোদন প্রক্রিয়ার কারণে জাহাজ চলাচলে এক সপ্তাহ পর্যন্ত বিলম্ব হতে পারে। কিছু ক্ষেত্রে ফি দেড় লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি রাশিয়া ও চীনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে।

এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওমানের সহযোগিতায় বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বহু দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে যাতে তাদের জাহাজ নিরাপদে এই প্রণালি অতিক্রম করতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এমন কোনো কর্মকাণ্ড ইরান সহ্য করবে না।

সূত্র: শাফাক নিউজ


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন