সোমবার, ১৮ মে ২০২৬
Natun Kagoj
ফলতা পুননির্বাচনি প্রচারে উত্তাপ,

‘জয় বাংলা’ স্লোগান নিয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

 ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার পুননির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। শনিবার (১৬ মে) ফলতা কেন্দ্রের নির্বাচনী প্রচারে আয়োজিত জনসভায় কড়া ভাষায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

জনসভায় তিনি অভিযোগ করেন, বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি হলে তা প্রমাণসহ জমা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আমার মা-বোন, দিদি ও শিশু কন্যাদের ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে এবং কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘুরে বেড়ান, তাদেরও ছাড়া হবে না।”

তিনি আরও দাবি করেন, রাজ্যে বিজেপি কর্মীদের উপর সহিংসতার ঘটনায় বহু প্রাণহানি ঘটেছে এবং ভবিষ্যতে দল ক্ষমতায় এলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য চাকরির ব্যবস্থা করা হবে।

অন্যদিকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও প্রশাসনিক কার্যক্রম নিয়েও সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। জনসংখ্যা গণনা, সীমান্ত নিরাপত্তা ও নাগরিকত্ব সংক্রান্ত ইস্যুতে কেন্দ্রীয় সরকারের নীতির প্রশংসা করে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

এদিকে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের প্রতিবেদনে ফলতা কেন্দ্রে ভোটগ্রহণের দিন একাধিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, সকাল থেকেই বুথে ইভিএম সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দেখা গেছে। কিছু বুথে সিসি ক্যামেরা বন্ধ করার অভিযোগও পাওয়া যায়।

এই ঘটনার পর ফলতা বিধানসভা কেন্দ্রে পুননির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২১ মে এই আসনে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন