পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের

পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে দেশটি বিশ্বের মানচিত্রে থাকবে নাকি ইতিহাসের অংশ হয়ে যাবে—সেই সিদ্ধান্ত ইসলামাবাদকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
শনিবার (১৬ মে) নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক এক ইন্টারেক্টিভ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ‘ইউনিফর্ম আনভেইল্ড’ প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে যদি আবার ‘অপারেশন সিন্দুর’-এর মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভারতীয় সেনাবাহিনী কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে। জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদকে সমর্থন দিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যায়, তাহলে তাদেরই ঠিক করতে হবে তারা রাষ্ট্র হিসেবে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।
তার এই বক্তব্য নতুন করে ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ‘অপারেশন সিন্দুর’-এর প্রথম বার্ষিকী উদযাপনের কয়েক দিনের মধ্যেই এমন মন্তব্য আসে।
উল্লেখ্য, গত বছরের মে মাসে কাশ্মীরের পাহালগামে এক সন্ত্রাসী হামলার পর ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে সামরিক অভিযান চালায়। ওই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালানোর দাবি করে ভারত।
এরপর পাকিস্তানও পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানায়। টানা ৮৮ ঘণ্টা দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা ও সংঘাত চলার পর কূটনৈতিক পর্যায়ের আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতিতে পৌঁছায় উভয় পক্ষ।
তবে সাম্প্রতিক এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি।
সূত্র: এনডিটিভি