সহযোদ্ধাদের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব তাসমিয়া প্রধান

জাগপা সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, ১৭ বছর যাদের সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছেন, তারাই ক্ষমতায় গিয়ে তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে পঞ্চগড় শহরে জাগপার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি, সেই রক্তের সঙ্গে যেন বেইমানি না করি। ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। এই রায়ের সঙ্গে যেন তামাশা না করা হয়।”
এ সময় তিনি সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, “পাশের দেশে উগ্রবাদীরা আমাদের ভাই-বোনদের নির্যাতন করছে। এখন পুশইন হতে পারে, সীমান্ত হত্যা হতে পারে। আপনারা সর্বদা জাগ্রত থাকবেন।”
তিনি আরও দাবি করেন, জাগপা সবসময় সীমান্ত হত্যা ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে আসছে।
দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, আওয়ামী লীগের আমলেও তাদের অফিসে ভাঙচুর হয়েছিল। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তাসমিয়া প্রধান বলেন, “অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, ১৭ বছর যাদের সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি, তারা ক্ষমতায় এসে আবার আমাদের অফিসে হামলা করেছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ক্ষমতা চিরস্থায়ী নয়। স্বৈরাচারী আচরণ করলে আপনাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে।”
জোট রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত তাদের শরিকদের সঙ্গে বেঈমানি করেনি এবং তাদের যথাযথ মূল্যায়ন করেছে। ভবিষ্যতে জোট রাজনীতিতেও তারা একইভাবে একসঙ্গে আন্দোলনে থাকবে।
তিনি জানান, অফিসে হামলার ঘটনায় মামলা না করে তারা এলাকায় উন্নয়নমূলক কাজে মনোযোগ দিতে চান।
অনুষ্ঠানে জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ জাগপা ও ১১ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।