শনিবার, ০৯ মে ২০২৬
Natun Kagoj

কিট সংকটে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে হাম পরীক্ষায় বড় ধস, কমেছে ৭৫ শতাংশ পরীক্ষা

কিট সংকটে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে হাম পরীক্ষায় বড় ধস, কমেছে ৭৫ শতাংশ পরীক্ষা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশে মিজেলস (হাম) ও রুবেলা পরীক্ষার একমাত্র কেন্দ্র জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) ভাইরোলজি ল্যাবে কিট সংকট দেখা দিয়েছে। ফলে সারা দেশ থেকে আসা নমুনা পরীক্ষা কার্যক্রম প্রায় ৭৫ শতাংশ কমে গেছে। এতে পাঁচ হাজারেরও বেশি নমুনা জমে আছে বলে জানা গেছে।

প্রতিষ্ঠান সূত্র জানায়, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১১৪ প্যাকেট কিট ব্যবহার করে প্রায় ১০ হাজার ৫৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাতে মাত্র ১৩টি কিট অবশিষ্ট আছে। প্রতিটি কিট দিয়ে ৯০ থেকে ৯৩টি নমুনা পরীক্ষা করা সম্ভব হলেও বর্তমান মজুদ দিয়ে সর্বোচ্চ প্রায় ১২০০ নমুনা পরীক্ষা করা যাবে।

কিট সীমিত থাকায় বর্তমানে প্রতিদিন মাত্র ১২০ থেকে ১৩০টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। অথচ আগের মাসে দিনে সর্বোচ্চ ৭০০টি নমুনাও পরীক্ষা করা হয়েছিল।

বুধবার (৬ মে) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে নমুনা নিয়ে আসা স্বাস্থ্য সহকারী জানান, নিয়মিতভাবে সুনির্দিষ্ট নমুনা পাঠানো হলেও সব রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব হয় না। রিপোর্ট পেতে এক সপ্তাহেরও বেশি সময় লাগছে।

আইপিএইচের ভাইরোলজি ল্যাব ইনচার্জ জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মাধ্যমে নতুন কিট আসছে। শিগগিরই ৩০টি কিট পৌঁছাবে, যা দিয়ে প্রায় ২৭০০ নমুনা পরীক্ষা করা যাবে। পরবর্তীতে আরও ১০০টি কিট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে সীমিত কিট দিয়ে শুধু গুরুত্বপূর্ণ নজরদারি নমুনা পরীক্ষা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার পূর্ণমাত্রায় পরীক্ষা কার্যক্রম চালু করা হবে।

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানান, কিট একেবারে শেষ হয়ে যায়নি, তবে সংকট রয়েছে। আগেই ডব্লিউএইচওকে জানানো হয়েছিল এবং তাদের কাছ থেকে ধাপে ধাপে কিট সরবরাহ করা হচ্ছে।

অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, কিট সংকটের কারণে পরীক্ষায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে উপসর্গ দেখে চিকিৎসকরা অনেক ক্ষেত্রে হাম শনাক্ত করতে পারছেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, পর্যাপ্ত প্রস্তুতি ও আগাম কিট সরবরাহ নিশ্চিত না করায় এ সংকট তৈরি হয়েছে, যা রোগ নজরদারি ও নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন