শাপলা চত্বর ইস্যুতে নিরপেক্ষ তদন্ত কমিশন চাইলেন জামায়াত আমির

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সেদিনের ঘটনার প্রকৃত চিত্র উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করা অত্যন্ত জরুরি।
শফিকুর রহমান ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে দেশের ইতিহাসে “বেদনাদায়ক ও কলঙ্কিত অধ্যায়” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ওই দিনের ঘটনা জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছিল এবং তা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি ছিল।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় পার হলেও এ ঘটনার সুষ্ঠু বিচার হয়নি। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রে এমন পরিস্থিতি কাম্য নয়। গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সংবিধান স্বীকৃত—এই অধিকার দমনে শক্তি প্রয়োগ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সত্য উদঘাটন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিবৃতির শেষাংশে ডা. শফিকুর রহমান দেশবাসীকে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।