বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ

ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ট্যাক্স ফ্রি (শুল্কমুক্ত) সুবিধা নয়, বরং অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের সুযোগ চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা জানান।

নিজের আগের দিনের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, "ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না, প্লট সুবিধাও আমরা নেব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র কিংবা জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মতো সরকারি কার্য পরিচালনার জন্য সংসদ সদস্যদের একটি করে গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া যায় কি না, আমি সেই প্রস্তাব করেছিলাম।"

তিনি স্পষ্ট করে বলেন, এই গাড়িগুলোর মালিকানা থাকবে সরকারের কাছে। একজন সংসদ সদস্য যতদিন দায়িত্বে থাকবেন, ততদিনই কেবল সেটি ব্যবহারের সুযোগ পাবেন।

হাসনাত আবদুল্লাহ তার যুক্তিতে বলেন, সংসদ সদস্যদের জন্য সরকারি গাড়ি বরাদ্দ দিলে সরকারের অতিরিক্ত কোনো খরচ হবে না। তিনি উল্লেখ করেন, "সংসদ সদস্যদের বর্তমানে গাড়ি রক্ষণাবেক্ষণের (মেনটেন্যান্স) জন্য মাসিক ৭০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু আমাদের অধিকাংশের নিজস্ব কোনো গাড়ি নেই। ফলে সরকারি মালিকানাধীন গাড়ি দেওয়া হলে এই বরাদ্দটিই সেখানে সমন্বয় করা সম্ভব।"

প্লট ও শুল্কমুক্ত গাড়ি সুবিধার বিরোধিতা করে তিনি আরও বলেন, "ট্যাক্স ফ্রি প্লট এবং গাড়ির যে সুবিধা আগে ছিল, সেটি না নেওয়ার বিষয়ে এই সংসদের পুরো হাউজ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেক এমপি এই সুবিধা ত্যাগ করে একটি অনন্য নজির স্থাপন করেছেন।"

বক্তব্যের শেষে তিনি গণমাধ্যমে তার বক্তব্য সঠিকভাবে উপস্থাপনের অনুরোধ জানিয়ে বলেন, তিনি কোনো ব্যক্তিগত সম্পদ হিসেবে শুল্কমুক্ত গাড়ি চাননি, বরং রাষ্ট্রীয় কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় যানবাহনের দাবি জানিয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন