হামের সংক্রমণ: রামেকে ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রকোপ কমছেই না। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১০ জন রোগী হাসপাতালের সংক্রামক ব্যাধি ওয়ার্ডে ভর্তি হয়েছেন।
আজ রোববার (১৯ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হামের উপসর্গ নিয়ে ১৩২ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।
চলমান সংক্রমণ পরিস্থিতিতে রামেক হাসপাতালে এখন পর্যন্ত মোট ৬৬১ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত কয়েক সপ্তাহে প্রাণ হারিয়েছেন ৫২ জন। মৃতদের অধিকাংশই শিশু বলে জানা গেছে।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, "হামের সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আক্রান্তদের বিশেষ পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।"
চিকিৎসকদের মতে, শিশুদের নিয়মিত টিকা দান এবং উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে হাসপাতালে নিয়ে আসা জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে জেলা স্বাস্থ্য বিভাগও।