হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের বাসায় যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে তিনি নগরের কাট্টলি এলাকায় অবস্থিত মনজুর আলমের বাসভবনে সাক্ষাৎ করতে যান।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—মনজুর আলমের বাসার সামনে একদল যুবক জড়ো হয়ে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছেন। ভিডিওতে তাদের সাবেক মেয়রকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে হাসনাত আবদুল্লাহ কেন সেখানে গেছেন, সে বিষয়ে প্রশ্ন করতে দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন।
এ বিষয়ে সাবেক মেয়র মনজুর আলম গণমাধ্যমকে জানান, হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে একটি কর্মসূচিতে এসে দুপুরে তার সঙ্গে দেখা করতে ফোন করেন। পরে তিনি তাকে বাসায় দুপুরের খাবারের আমন্ত্রণ জানান।
তিনি বলেন, বিকেল ৩টার দিকে হাসনাত আবদুল্লাহ তার বাসায় আসেন এবং একসঙ্গে খাবার গ্রহণ করেন। পরে স্থানীয় কিছু লোক বাইরে জড়ো হলে হাসনাত আবদুল্লাহ নিজেই তাদের সঙ্গে কথা বলেন এবং সন্ধ্যার দিকে সেখান থেকে চলে যান।
ভাইরাল ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের কেউ কেউ তাকে ‘আওয়ামী লীগের দোসর’ বললেও মনজুর আলম এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।”
তিনি আরও বলেন, তিনি একসময় বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং ২০১৫ সালের পর থেকে সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়ে সমাজসেবামূলক কাজে যুক্ত আছেন।
আগামী নির্বাচনে এনসিপির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেননি এবং এটি কেবল জনমহলে আলোচনার বিষয়।
উল্লেখ্য, ২০১০ সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন মনজুর আলম এবং ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।