শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • হামের প্রাদুর্ভাবে ঢাকা-খুলনায় ১০ শিশুর মৃত্যু, টিকাকেন্দ্রে বাড়ছে ভোগান্তি

    হামের প্রাদুর্ভাবে ঢাকা-খুলনায় ১০ শিশুর মৃত্যু, টিকাকেন্দ্রে বাড়ছে ভোগান্তি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৭৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    একই সময়ে ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এবং ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি চালু রয়েছে। বিভিন্ন টিকাকেন্দ্রে দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে, যেখানে অনেক অভিভাবককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এই টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছে এবং বাকি ছয়জন উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৭৬২ শিশু এবং ১৫০ জনের ক্ষেত্রে সংক্রমণ নিশ্চিত হয়েছে।

    মৃত শিশুদের মধ্যে চারজন ঢাকার। উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগে এবং একজন খুলনা বিভাগে। নতুন শনাক্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (১২৩ জন), এরপর রাজশাহীতে ২১ জন। চট্টগ্রাম ও সিলেটে একজন করে শনাক্ত হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১,২৬৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ৫৮০ জন ঢাকা বিভাগের। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও ঢাকায় সবচেয়ে বেশি—৭৬২ জনের মধ্যে ৩৫৭ জন। রংপুরে সর্বনিম্ন ১১ জন এবং ময়মনসিংহে ২২ জন ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৩৪ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৯ দিনে হামে আক্রান্ত হয়ে ২৮ শিশুর মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছে ১৫১ শিশু। এই সময়ে ১৫,৬৫৩ জন উপসর্গ নিয়ে হাসপাতালে আসে, যার মধ্যে ১০,২২৫ জন ভর্তি হয়। নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২,৬৩৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭,৬৫৬ জন।

    রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সমন্বিত উদ্যোগ নিলে হামসহ সংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্ভব। চলমান টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হবে।

    সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এ কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

    রাজধানীর মিরপুরের একটি কেন্দ্রে ১৩ মাস বয়সী শিশুকে টিকা দিতে গিয়ে ভোগান্তির কথা জানান অভিভাবক রিক্তা রিচি। তিনি বলেন, সপ্তাহে মাত্র একদিন টিকা দেওয়ায় প্রচণ্ড ভিড় হয়। দেড় ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ভিড় এতটাই বেশি ছিল যে তা সিঁড়ি, লন ও গ্যারেজ পর্যন্ত ছড়িয়ে পড়ে। ছোট শিশুকে নিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা যেমন কষ্টকর, তেমনি সংক্রমণের ঝুঁকিও বাড়ায়।

    হামের প্রকোপ বাড়ায় শিশুদের জন্য আইসিইউ সংকট তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থায় রাজধানীর মাতুয়াইলে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন (ডিএমএনএফ) প্রথমবারের মতো পথশিশুদের জন্য বিনামূল্যে আইসিইউ সেবা চালু করেছে।

    জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, এই উদ্যোগ ঝুঁকিপূর্ণ শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    অনলাইনে যুক্ত হয়ে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, এই মানবিক উদ্যোগ জাতি দীর্ঘদিন মনে রাখবে এবং এ ধরনের উদ্যোগ রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার যোগ্য।

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ২৬ শিশু। ১৭ মার্চ থেকে এ পর্যন্ত সেখানে ১২ শিশুর মৃত্যু হয়েছে।

    অন্যদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মালিহা নামে ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে জ্বর ও হামের লক্ষণ দেখা দেওয়ার পর প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

    প্রতি বছর বিপুল সংখ্যক শিশু হামে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, হামের প্রাদুর্ভাব রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকার ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ