ফিলিপনগর ঘটনার জন্য প্রশাসনের ব্যর্থতা দায়ী: ইসলামী আন্দোলন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দায়ী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে একইসঙ্গে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাকে সমর্থন করে না বলেও জানিয়েছে দলটি।
রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, ফিলিপনগরের ঘটনাটি দীর্ঘদিন ধরে আইনের শাসনের ঘাটতির একটি স্পষ্ট উদাহরণ। অভিযোগ রয়েছে, কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর দীর্ঘ সময় ধরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আসছিলেন এবং ধর্ম বিকৃতির অভিযোগে সমালোচিত ছিলেন।
তিনি আরও বলেন, ধর্ম পালনে সবার স্বাধীনতা থাকলেও কোনো ধর্মকে বিকৃত করার অধিকার কারও নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে।
গাজী আতাউর রহমান অভিযোগ করেন, একদিকে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, অন্যদিকে তাকে ঘিরে যে গণবিক্ষোভ তৈরি হচ্ছিল, সেটিও যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হয়নি। ফলে পরিস্থিতির অবনতি ঘটে এবং এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়, যা দেশের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।
তবে তিনি স্পষ্ট করে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যা ঘটেছে, তা সমর্থন করা যায় না।
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের ঘটনার পেছনে দীর্ঘদিনের ধর্মীয় অনুভূতির অবমাননা ও বিতর্কিত কর্মকাণ্ড ভূমিকা রেখেছে বলে অভিযোগ রয়েছে।
এ ধরনের পরিস্থিতি পুনরাবৃত্তি ঠেকাতে ধর্ম বিকৃতির বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাগুলোর বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন।