জুলাই সনদ মানা না হলে জাতির কাছে জবাবদিহি করতে হবে: এ টি এম আজহার

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘আপনারা জুলাই সনদে স্বাক্ষর দিয়েছেন, কিন্তু শপথ নিতে অনীহা প্রকাশ করে জাতির সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। জুলাই সনদ বাস্তবায়নে ব্যত্যয় ঘটলে জাতি আপনাদের ক্ষমা করবে না।’
মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামীর চকবাজার দক্ষিণ থানা শাখা।
সরকারের উদ্দেশে এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘মনে রাখতে হবে, জুলাই সনদ ২০২৪ সালের জুলাই আন্দোলনের ফসল। আজ যারা জুলাই সনদ বাস্তবায়নে অনীহা দেখাচ্ছেন, তারা ভুলে যাচ্ছেন—জুলাই আন্দোলন না হলে বর্তমান প্রধানমন্ত্রী দেশে আসতে পারতেন না। আজ যারা মন্ত্রী হয়েছেন, তারাও মন্ত্রী হওয়ার সুযোগ পেতেন না। এমনকি আমরা যারা জাতীয় সংসদ সদস্য হয়েছি, তারাও সেই সুযোগ পেতাম না।’
তিনি আরও বলেন, ‘জুলাই সনদকে অস্বীকার করা মানে জুলাই বিপ্লবকে অস্বীকার করা। আর জুলাইকে অস্বীকার করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা।’
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও চকবাজার দক্ষিণ থানা আমির আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক এনায়েত উল্লাহ।