উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাব জামায়াত আমিরের

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন। মন্ত্রীর পদমর্যাদায় তাকে মন্ত্রণালয়ে পদায়নের জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
বিরোধীদলীয় নেতার মতে, এ ধরনের পদায়নের মাধ্যমে বিরোধী দলের পররাষ্ট্রনীতি সরকারের কাছে উপস্থাপন এবং তা পর্যালোচনার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।
এ বিষয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের দপ্তর থেকে গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠির একটি অনুলিপি গণমাধ্যমের হাতে এসেছে।
চিঠিতে তিনি উল্লেখ করেন, অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দক্ষতার সঙ্গে কূটনৈতিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিভিন্ন মূলধারার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার অভিজ্ঞতা ও পেশাগত নেটওয়ার্ক রয়েছে। এর মাধ্যমে তিনি জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম, ইউরোপীয় ইউনিয়নসহ এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে জামায়াতে ইসলামীর পক্ষে বাংলাদেশ তথা রাষ্ট্রের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভূমিকা রাখছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
নিজের পররাষ্ট্র উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাবকে ‘নতুন’ ও ‘অভিনব’ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন বিরোধীদলীয় নেতা। তার মতে, এ পদায়নের মাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলের পররাষ্ট্রনীতি সরকারকে অবহিত করা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।
চিঠিতে তিনি আরও লিখেছেন, ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং দেশের পররাষ্ট্রনীতি সমন্বয়ের প্রয়োজন বিবেচনায় এই পদায়নটি সরকার বিবেচনা করতে পারে।
এ বিষয়ে সাবেক কূটনীতিক ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) সভাপতি এম হুমায়ূন কবীর বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সরকারের। পররাষ্ট্রনীতির বিষয়ে বিরোধী দল ভূমিকা রাখতে চাইলে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তা করতে পারে। তবে সরকারি কাঠামোর মধ্যে বিরোধী দলের কাউকে এভাবে পদায়ন করা হলে মন্ত্রণালয়ের কার্যক্রমে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের বাইরে থেকে বিরোধী দলের কাউকে সরাসরি মন্ত্রণালয়ে পদায়নের নজির বা অভিজ্ঞতা সাধারণত দেখা যায় না।