মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমান বাংলাদেশ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সেখানকার আকাশপথে নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই পরিস্থিতিতে বিমান কর্তৃপক্ষ আগামী ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে নিজের সব ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এই রুটগুলিতে ফ্লাইট বন্ধ ছিল। শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে ট্রাভেল এজেন্সিগুলোকে নতুন সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে- সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি উন্নত হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি দ্রুত জানানো হবে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটের শিডিউল বিপর্যয়ে পড়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকা থেকে শুক্রবার পর্যন্ত মোট ২৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশপথের উত্তেজনা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের অনিশ্চয়তা চলবে। যাত্রীদের নিয়মিত বিমান কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।