বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • নতুন সংসদ সদস্যদের দক্ষ করতে বিএনপির দুই দিনের প্রশিক্ষণ

    নতুন সংসদ সদস্যদের দক্ষ করতে বিএনপির দুই দিনের প্রশিক্ষণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপি নিজেদের সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করার উদ্যোগ নিয়েছে।

    আগামী ১২ মার্চ সংসদের যাত্রা শুরু হওয়ার আগেই ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে দলটি। 

    গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠাতব্য এই কর্মশালার উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে কেন্দ্র করেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

    দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হওয়া বিএনপির ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। এমনকি সরকারের মন্ত্রিসভার অনেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীও এবারই প্রথম সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

    সূত্র বলছে, নতুন সংসদ সদস্য ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় বিধি-বিধান, কার্যপ্রণালি এবং মন্ত্রণালয় পরিচালনা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা নেই। এ কারণে কর্মশালায় সংসদের কার্যপ্রণালি, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট-সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদে উপস্থাপনের আগে নীতিগত প্রস্তাব যাচাই-বাছাই বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতার কথা নতুনদের কাছে তুলে ধরবেন। মূলত সরকার পরিচালনায় দক্ষতা বাড়ানোই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।

    দলীয় সূত্র আরও জানায়, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করতে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন, নীতিমালার কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদারকিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। এ ছাড়া মন্ত্রীদের দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও আলোচনা হবে।

    বিএনপির গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম দিন ৬ মার্চ দুটি সেশনে কর্মশালা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল আড়াইটায়, যা চলবে সাড়ে ৪টা পর্যন্ত। এতে অংশ নেবেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য।

    দ্বিতীয় দিন ৭ মার্চ একই নিয়মে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

    লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম জানিয়েছেন, ৭ মার্চ বিকেল আড়াইটার মধ্যে তাকে দলের গুলশান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

    এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এখন পর্যন্ত কর্মশালার নির্দিষ্ট অ্যাজেন্ডা দেওয়া হয়নি।

    তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, কর্মশালায় সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রমে অংশগ্রহণের নিয়ম, পয়েন্ট অব অর্ডার উত্থাপনের পদ্ধতি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট বরাদ্দ, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি একজন সংসদ সদস্যের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও আলোচনা থাকবে।

    এছাড়া নিজ নিজ এলাকার সমস্যা সংসদে উপস্থাপন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে স্থানীয় সরকার ও মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন