বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • হারাগাছে এমপি আখতারের সফর ঘিরে বিক্ষোভের ডাক দিলো বিএনপি

    হারাগাছে এমপি আখতারের সফর ঘিরে বিক্ষোভের ডাক দিলো বিএনপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদ নির্বাচনের পরাজয় এখনও ভুলতে পারছেন না রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী ও সমর্থকরা। নবনির্বাচিত এমপি আখতার হোসেনের হারাগাছ সফর ঘিরে হারাগাছ পৌর বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

    রমজান শুরুর আগে টানা চারদিন বিভিন্ন কর্মসূচি পালন করে হারাগাছ, পীরগাছা ও কাউনিয়া বিএনপি। এবার নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের হারাগাছ সফর ঘিরে শুরুতে হরতালের ঘোষণা করলেও পরে তা থেকে সরে এসে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়েছে।

    রোববার (২২ ফেব্রুয়ারি) এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে হারাগাছ পৌর বিএনপি। 

    অন্যদিকে সংসদ সদস্য আখতার হোসেন এক ফেসবুক পোস্টে লিখেছেন, আমার হারাগাছে আসা নিয়ে যদি কিছু ঘটে তার দায় ভরসা এবং বিএনপির হাইকমান্ডকে নিতে হবে। আমরা হারাগাছের নিপীড়িত শ্রমিকদের পক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ।

    এদিকে গতকাল শনিবার রাত ৮টার দিকে হারাগাছ পৌর শহরের হকবাজার এলাকায় ‘রংপুর-৪ এর সাধারণ ভোটারের’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

    মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সম্পাদক নুরুল আমীন দাজু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সমাপ্তি।

    বক্তারা বলেন, অবৈধভাবে জনগণের রায় ছিনতাই করে এমপি হয়ে আখতার হোসেন হারাগাছ সফরের কর্মসূচি দিয়েছেন। হারাগাছের মানুষ যখন ক্ষোভে ফুঁসে উঠেছে তখন তার এই সফর বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা। আখতার হোসেনের এই সফরের প্রতিবাদে জনসাধারণকে বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।

    এর আগে শনিবার বিকেলে মাইকিং করে হারাগাছ পৌর বিএনপির পক্ষ থেকে সকাল ১১ থেকে বিকেল ৪টা পর্যন্ত হরতাল পালনের আহ্বান জানানো হয়। পরে রমজানে জনভোগান্তির কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় হারাগাছ পৌর বিএনপি।

    এ বিষয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, হারাগাছ পৌর শহরে সংসদ সদস্য আখতার হোসেনের সফর ঘিরে যাতে কেউ আইনশৃঙ্খলার অবনতি করতে না পারে সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন শাপলা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন