বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • লালবাগের জনসভায় তারেক রহমান

    সরকার গঠনের পর প্রথম বর্ষার আগেই খাল খনন কর্মসূচি

    সরকার গঠনের পর প্রথম বর্ষার আগেই খাল খনন কর্মসূচি
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের রায়ে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে অগ্রাধিকারভিত্তিতে রাজধানী ঢাকাসহ সারাদেশের জলবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর লালবাগ বালুর মাঠে আয়োজিত ঢাকা-৭ আসনের নির্বাচনী জনসভায় তারেক রহমান এ কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ।


    তিনি বলেন, প্রতি বছর বর্ষা এলেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। অপরিকল্পিত নগরায়ন, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে এই সমস্যা ভয়াবহ রূপ নিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক নগর ব্যবস্থাপনার মাধ্যমে এই সংকট থেকে মানুষকে মুক্তি দেওয়া হবে।

    তারেক রহমান আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে। ড্রেনেজ নেটওয়ার্ক আধুনিকীকরণ, খাল ও জলাশয় পুনরুদ্ধার, বৃষ্টির পানি সংরক্ষণ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করা হবে।

    তিনি বলেন, জনগণের জীবনযাত্রা সহজ করা এবং বাসযোগ্য শহর গড়ে তোলাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। দেশের প্রতিটি নাগরিক যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, সে জন্য বিএনপি দায়িত্বশীলভাবে কাজ করবে।


    তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি মানুষের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু করা হবে। যে কর্মসূচি শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

    বাংলাদেশকে এগিয়ে নিতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, এ মুহূর্তে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল বিএনপি, যাদের দেশ গড়ার একটি পরিকল্পনা রয়েছে। বিএনপি একমাত্র দল যাদের কর্মসূচি আছে দেশকে পুনর্গঠন করার। বিএনপি একমাত্র দল যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অতীত অভিজ্ঞতা রয়েছে।

    তিনি বলেন, জনগণ যতবার বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করেছে, ততবারই বিএনপি চেষ্টা করেছে সর্বশক্তি দিয়ে দেশকে গড়ে তুলতে। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে আপনারা ভোট দিয়ে দেশ গঠনের সুযোগ দিন। বিএনপি আপনাদের সঙ্গে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে।

    তারেক রহমান বলেন, বিএনপির লক্ষ্য এমন একটি রাষ্ট্র গঠন করা, যেখানে সব নাগরিক দিন-রাত নিরাপদে চলাফেরা এবং পরিবার নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।

    তিনি বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা জরুরি। এ লক্ষ্যে গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা বিএনপির রয়েছে। একইভাবে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।

    স্বাস্থ্যসেবার প্রসঙ্গে তারেক রহমান বলেন, গ্রামের মানুষ এখনো প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত। বিএনপি সরকার গঠন করতে পারলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হবে। এতে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে মানুষ অসুস্থ হওয়ার আগেই সচেতনতা বাড়বে, যা সামগ্রিক নিরাপত্তা ও সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।

    নির্বাচন সম্পর্কে সাবইকে সজাগ থাকার অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। বিভিন্নভাবে তাদের লোকজন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মা-বোনদের কাছে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলো বায়বীয়। বিএনপি জনগণের সামনে সেই প্রতিশ্রুতি করতে চায়, যা মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব।

    তিনি বলেন, যারা গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করে, তাদের বিকাশ নম্বর চায়, তাদের এনআইডি নম্বর চায়, এই সব গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। তা না হলে শত শহীদের রক্তের বিনিময়, আত্মত্যাগের বিনিময় যেই ভোটের অধিকারকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, সেই অধিকার আবার হারিয়ে যাবে। সেই অধিকার আবার ষড়যন্ত্রের বেড়াজালে আটকে যাবে।

    তারেক রহমান বলেন, এই নির্বাচনী জনসভায় আমাদের সবাইকে শপথ নিতে হবে যে, যেকোনো মূল্যে আমরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করব। আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।

    বেকারত্ব দূরীকরণ ও তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, তরুণদের কারিগরি ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে। যারা বিদেশে যেতে চান, তাদের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে, যাতে কাউকে বাপ-দাদার ভিটেমাটি বিক্রি করতে না হয়।

    জনসভায় তিনি ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় গুরুদের জন্য রাষ্ট্রীয় সম্মানী চালুর ঘোষণা দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন