জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: সালাহউদ্দিন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসলে বিএনপি জুলাই জাতীয় সনদকে পুরোপুরি বাস্তবায়ন করবে, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া আশরাফুল উলুম মাদরাসা মাঠে বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি জুলাই জাতীয় সনদকে সমর্থন করে। ঐকমত্যের ভিত্তিতে সনদে অন্তর্ভুক্ত প্রত্যেকটি প্রস্তাব আমরা যথাযথভাবে বাস্তবায়ন করব। সনদের বাইরে আমাদের কোনো অবস্থান নেই।”
তিনি আরও বলেন, “আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য—শান্তি ও শৃঙ্খলা, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকারের নিশ্চয়তা দিতে। এই লক্ষ্য পূরণের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত সংস্কারগুলো আমরা জাতীয়ভাবে বাস্তবায়ন করব।”
সালাহউদ্দিন আহমদ সংবিধান সংক্রান্তও মন্তব্য করেন। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহ’ সংযোজন এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেছিলেন। এটি আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার বিলুপ্ত করে দিয়েছিল। আমরা দায়িত্বপ্রাপ্ত হলে এটি পুনরায় সংবিধানে সংযোজন করব, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে কক্সবাজার জেলা ওলামাদলের আহ্বায়ক আলী হাছান চৌধুরী সভাপতিত্ব করেন, এবং কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লা গনি সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন সুলতানী, বদরখালী মদিনাতুল মাদরাসার পরিচালক মাওলানা সোলাইমান, আশরাফুল মাদরাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহসহ অনেকে। অনুষ্ঠান শেষে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।