বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

শেষ মুহূর্তে স্থগিত জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

শেষ মুহূর্তে স্থগিত জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী ও শরিক রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন আপাতত স্থগিত করা হয়েছে। বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে একই দিনে সকালে পাঠানো এক পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং তাদের শরিকদের মধ্যে আসন সমঝোতা নিয়ে একাধিক দফা আলোচনা হলেও এখনো চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। মূলত এই অসম্পূর্ণ সমঝোতার কারণেই সংবাদ সম্মেলনটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই ১১ দলীয় রাজনৈতিক জোটে জামায়াত ও এনসিপির পাশাপাশি রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত মজলিশ, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), এবি পার্টি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। নির্বাচন সামনে রেখে জোটের ভেতরে আলোচনা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন