বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj
নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্য

দুর্নীতির চক্র এখন ক্ষমতাবান অফিসে সম্পর্ক জোরদারে ব্যস্ত

দুর্নীতির চক্র এখন ক্ষমতাবান অফিসে সম্পর্ক জোরদারে ব্যস্ত
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জোট বাংলাদেশকে সবধরনের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে আজাদ করার লড়াই অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, “আমরা একটি শক্তিশালী, স্বতন্ত্র ও উন্নত বাংলাদেশ গঠনে সকল ক্ষেত্রেই পরাধীনতার শিকল ভাঙতে নিবেদিত। ১১ দলীয় জোটের সংকল্প ছিল, আছে এবং থাকবে—বাংলাদেশকে মানুষের হাতে ফেরত দেওয়া।”

নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, জোটের নেতারা দেশের জনগণের ভরসায়, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ও ন্যায়পরায়ণ প্রশাসনের মাধ্যমে বাংলাদেশকে প্রতিটি ক্ষেত্রে স্বাধীন করার লক্ষ্যে কাজ করে যাবে।

তিনি যোগ করেন, “আমরা জনগণের অধিকার ও সার্বভৌমত্বকে সামনে রেখে রাজনীতি করি। ভবিষ্যতে এসব সংকল্প বাস্তবায়নে আমাদের প্রতিটি পদক্ষেপ বাস্তবসম্মত ও গণমানুষের কল্যাণমুখী হবে।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই বক্তব্য ১১ দলীয় জোটের রাজনৈতিক উদ্দেশ্য, জনগণের আশা ও ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরছে।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে দুটি পথ খোলা ছিল- আজাদীর জোট এবং গোলামীর জোট। আমরা দেখতে পেলাম অনেক লুটতরাজ, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছিল, যারা আমাদের পকেটের টাকা কেটে জনগণের সঙ্গে অন্যায় করেছিল, তারা বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়া শুরু করে দিয়েছে। তখন আমরা চিন্তা করলাম, আগামীর যে নির্বাচন হবে সেখানে আমরা কি গোলামীর পক্ষে যাবো নাকি আজাদীর পক্ষে যাব? এজন্য আমরা আজাদীর জোট পছন্দ করেছি।

সোমবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আজাদী পদযাত্রার পূর্বে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ শেষে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারাত করেন জাতীয় নাগরিক পার্টি এই নেতা।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের সংস্কৃতির, অর্থনৈতিক, রাজনৈতিক পরাধীনতা রয়েছে। এ জন্য আমরা আজাদীর জোট পছন্দ করেছি। আমাদের ১১ দলীয় জোট বাংলাদেশের আজাদ করার জন্য আজাদীর যে লড়াই, এটা হলো চালিয়ে যাবে ইনশা আল্লাহ।

তিনি বলেন, শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং হাদি যে আজাদীর লড়াই শুরু করেছিলেন তা সম্পন্ন করাই এখন আমাদের প্রধান কর্তব্য। ওসমান হাদির কবর জিয়ারতের পর তার আকাঙ্ক্ষা ধারণ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আজাদী যাত্রা নতুন করে শুরু করা হয়েছে।

নাসিরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনের রমনা, শাহবাগ, মতিঝিল ও শাহজাহানপুরসহ সংশ্লিষ্ট এলাকাগুলোকে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম বা দখলদারিত্ব হলে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আজাদী পদযাত্রা নিয়ে নির্বাচনি আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, ২১ জানুয়ারির আগে আজাদী যাত্রায় কোনো প্রতীক বা ভোট চাওয়ার কার্যক্রম থাকবে না। আচরণবিধি প্রত্যাহারের পর নিয়ম মেনে প্রচারণা চালানো হবে।

সংবাদ সম্মেলনে প্রশাসনকে দলীয় দাসত্ব থেকে বেরিয়ে জনগণের পক্ষে থাকার আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা জরুরি। অন্যথায় গণতান্ত্রিক সংগ্রাম আরও জোরদার হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন