বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

১৯ বছর পর বগুড়া সফরে যাবেন তারেক রহমান

১৯ বছর পর বগুড়া সফরে যাবেন তারেক রহমান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দীর্ঘ প্রায় দুই দশক পর বগুড়া সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় পৌঁছাবেন। জেলা বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া সফর শেষে তারেক রহমান রংপুরে যাবেন বলে জানা গেছে। সেখানে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এছাড়া চলতি মাসের ২০ জানুয়ারির দিকে সিলেট সফরেরও একটি প্রাথমিক পরিকল্পনা রয়েছে।

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা অবস্থিত। এ কারণে বগুড়ার সঙ্গে তারেক রহমানের পারিবারিক ও আবেগী সম্পর্ক রয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান, প্রাথমিকভাবে ১১ জানুয়ারি তারেক রহমানের বগুড়া সফরের কথা জানা গেছে। আগামী ৫ জানুয়ারি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান বগুড়া সফর করেছিলেন। সে হিসেবে প্রায় ১৯ বছর পর তিনি আবার বগুড়ায় যাচ্ছেন। এছাড়া ১২ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত গণদোয়ায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন