বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বেগম জিয়ার পর মানুষের উচ্চ প্রত্যাশা পূরণে শঙ্কিত সালাহউদ্দিন

বেগম জিয়ার পর মানুষের উচ্চ প্রত্যাশা পূরণে শঙ্কিত সালাহউদ্দিন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দেশের মানুষের উচ্চ প্রত্যাশা পূরণ করতে পারবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু তিনি মানুষের অন্তরে অমর। গণতন্ত্রের মা হিসেবে তার সুনাম ও মর্যাদা বিশ্বজুড়ে স্বীকৃত।”

সালাহউদ্দিন আরও জানান, বেগম জিয়ার জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছেন। “এটি পৃথিবীর সর্ববৃহৎ জনসমাগমের মধ্যে অন্যতম। যারা উপস্থিত হতে পারেননি, তারা গোপনে জানাজায় অংশ নিয়েছেন। এটি ভবিষ্যতে অনুমান নির্ভর তথ্য ছাড়া চিত্রায়িত করা সম্ভব নয়।”

তিনি বলেন, “গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে একজন সাধারণ গৃহিণি কিভাবে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তা বেগম জিয়া প্রমাণ করেছেন। নিজের জীবন, পরিবার, সন্তান সব কিছু ত্যাগের পরও তিনি যে উচ্চতায় পৌঁছেছেন, পৃথিবীতে কম মানুষের নাম লেখা আছে।”

সালাহউদ্দিন দেশের মানুষের উচ্চ প্রত্যাশা পূরণে শঙ্কা প্রকাশ করে বলেন, “মানুষের আশা আসমান সমান হয়ে গেছে। সীমিত অর্থনৈতিক ও সামাজিক সক্ষমতার মধ্যেও সবাইকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে আসতেই হবে। কতটুকু পূরণ করা সম্ভব, তা ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বেগম জিয়ার শোককে দলীয় নির্বাচনে ব্যবহার করা হবে না। তবে তা জাতি গঠনে শক্তি হিসেবে কাজে লাগানো হবে। যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হবে। বিকল্প প্রার্থী বাছাই হবে।”

সালাহউদ্দিন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলে এগিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই।”


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন