বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

খালেদা জিয়ার প্রয়াণে ৭ দিনের শোক কর্মসূচি বিএনপির

খালেদা জিয়ার প্রয়াণে ৭ দিনের শোক কর্মসূচি বিএনপির
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক কর্মসূচি পালন করবে বিএনপি।

মঙ্গলবার সকাল ৯টায় দলের পক্ষ থেকে তার ইন্তেকালের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এরপর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি ব্রিফিংয়ে শোক কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—দলীয় পতাকা অর্ধনমিত রাখা, সারাদেশে শোক র‍্যালি, মিলাদ ও দোয়া মাহফিল, এবং কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিশেষ শোক সভা আয়োজন। এছাড়া, এই সাত দিন দলীয়ভাবে সব রাজনৈতিক কর্মসূচি সীমিত রেখে শোক পালনে গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।

শোকবার্তায় বিএনপি নেতারা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দলের পক্ষ থেকে দেশবাসীকেও এই শোক কর্মসূচিতে সামিল হয়ে দোয়া ও শ্রদ্ধা জানানোর আহ্বান জানানো হয়েছে।

এভারকেয়ার হাসপাতালে ব্রিফিংয়ে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ মঙ্গলবার থেকে সাত দিনব্যাপী শোক পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রুহুল কবির রিজভী বলেন, শোকের সময়ে দেশে বিএনপির সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। সর্বস্তরের নেতাকর্মীরা সাতদিন ব্যাপী কালো ব্যাজ পরিধান করবেন।

এছাড়া, গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়, নয়াপল্টনের দলের প্রধান কার্যালয়সহ সব জেলা-উপজেলায় শোক উপলক্ষে দোয়া ও কোরআন খতম কর্মসূচি পালন করা হবে বলে জানান রুহুল কবির রিজভী।

তিনি জানান, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ও নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোকবই খোলা হবে। এই শোক বইয়ে শোক ও সমবেদনা জানানো যাবে। জানাজা ও দাফনের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

রুহুল কবির রিজভী বলেন, এগুলো প্রাথমিকভাবে নেওয়া কর্মসূচি। পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে। এ কর্মসূচি ঘোষণার আগে খালেদা জিয়ার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন