বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নির্বাচনে অংশগ্রহণে মান্নার আর কোনো প্রতিবন্ধকতা নেই: আইনজীবী

নির্বাচনে অংশগ্রহণে মান্নার আর কোনো প্রতিবন্ধকতা নেই: আইনজীবী
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ ব্যাংকের অধীন ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) পরিচালিত ঋণ খেলাপি তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন চেম্বার জজ আদালত।

রোববার আদালতের এ আদেশের পর তার আইনজীবীরা জানান, এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০২৬) বগুড়া-২ আসন থেকে প্রার্থী হতে বা নির্বাচনে অংশ নিতে মান্নার আর কোনও আইনি প্রতিবন্ধকতা নেই।

মামলার নথি থেকে জানা যায়, মান্নার বিরুদ্ধে পূর্বে ঋণসংক্রান্ত জটিলতার ভিত্তিতে সিআইবি রিপোর্টে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা চ্যালেঞ্জ করে তিনি আদালতে আবেদন করেন। শুনানি শেষে চেম্বার জজ আদালত তালিকা সংশোধনের আদেশ প্রদান করেন।

আইনজীবীরা আরও বলেন, সিআইবি তালিকায় নাম থাকলে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে—কিন্তু আদালতের নির্দেশনার পর সেই ঝুঁকি সম্পূর্ণভাবে কেটে গেছে।

এদিকে, আদেশের পর রাজনৈতিক মহলেও নতুন আলোচনা শুরু হয়েছে। নাগরিক ঐক্যের পক্ষ থেকে বলা হয়েছে, আদালতের সিদ্ধান্ত আইনের শাসন ও ন্যায্যতার বিজয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক বা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা সোমবার (২৯ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।আদালতে মান্নার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

ইসলামী ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী আবদুল কাইয়ুম লিটন। পরে তিনি জানান, তালিকা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন। ফলে মাহমুদুর রহমান মান্নার নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই।

গত ২৪ ডিসেম্বর ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অন‍্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে মাহমুদুর রহমান মান্না রিট করেছিলেন। আদালত রিট আবেদনটি খারিজ করে দেন। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।

মান্নার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছিলেন, হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আমরা আপিল করবো।

যার ধারাবাহিকতায় ঋণ খেলাপিদের তালিকা থেকে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি) নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট খারিজের পর আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ে ‘কল ব্যাক নোটিশ’ জারি করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা। মান্না ও তার দুই অংশীদারের ঠিকানায় পাঠানো এই নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। শাখা প্রধান তৌহিদ রেজার স্বাক্ষরিত নোটিশটি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীর ঠিকানায় পাঠানো হয়।

জানা গেছে, আফাকু কোল্ড স্টোরেজের মালিকানায় মান্না ৫০ শতাংশ, ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরী ২৫ শতাংশ এবং তার স্ত্রী ও পরিচালক ইসমত আরা লাইজু ২৫ শতাংশ অংশীদার। গত ৩ ডিসেম্বর পাঠানো নোটিশে বগুড়ার শিবগঞ্জের কিচক বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটির কাছে খেলাপি বিনিয়োগ বাবদ মোট ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

ব্যাংকের নোটিশে বলা হয়, ২০১০ সালে প্রতিষ্ঠানটিকে ২২ কোটি টাকা বিনিয়োগ অনুমোদন দেওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানটি নিয়মিত মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ করেনি। ফলে বকেয়া বেড়ে বর্তমান পরিমাণে দাঁড়িয়েছে। লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কোনোরকম অগ্রগতি না থাকায় চূড়ান্ত সতর্কতা হিসেবে এই নোটিশ পাঠানো হয়েছে।

২০২৫ সালের ১৮ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ বকেয়া পরিশোধ না করলে ব্যাংক আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও উল্লেখ করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন