শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
বিএনপিতে যোগ দিয়ে রাশেদ খাঁন

নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য

নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নতুন বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দেশ ও জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি বলেন, সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে তারেক রহমান কার্যকর ও ঐতিহাসিক ভূমিকা রাখবেন বলে তিনি বিশ্বাস করেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রাশেদ খাঁন।

এর আগে তিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন এবং দলের সভাপতি নুরুল হক নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের চারটি ইউনিয়ন) ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য মো. রাশেদ খাঁনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সব নেতাকর্মীকে রাশেদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাশেদ খাঁন বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন গণআন্দোলনে তিনি বিএনপির নেতাদের সঙ্গে রাজপথে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় বিএনপির নেতাদের সঙ্গে আন্দোলন সমন্বয়ের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

রাশেদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি আদর্শ হিসেবে অনুসরণ করেন এবং বর্তমানে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় থেকেই তারেক রহমানের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক রয়েছে এবং তিনি মনে করেন, তারেক রহমানের নেতৃত্বেই একটি নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, বিএনপিতে যোগ দিয়ে তিনি তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের স্বার্থে সংগ্রাম চালিয়ে যাবেন।

উল্লেখ্য, এর আগে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে এবং নুর নিজে পটুয়াখালী-৩ আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করবেন। রাজনৈতিক বাস্তবতা ও জয় নিশ্চিত করার কৌশল হিসেবেই বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন রাশেদ খাঁন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন